আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ইতালির রাজধানী রোমে তুরস্ক এবং ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা গোপন বৈঠক করেছেন। দু পক্ষের মধ্যে সম্পর্ক নতুন করে বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতেই তারা বৈঠকে বসেন। গতকাল (সোমবার) ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা এ খবর দিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, বৈঠকে ইসরাইলের পক্ষে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দোরে গোল্ড এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ফেরিদুন সিনিরলিওগ্লু। তবে, তুর্কি সরকার এ রিপোর্ট সম্পর্কে কোনো মন্তব্য করে নি।
সিনিরলি ওগ্লুর সঙ্গে বৈঠকের জন্য গোল্ড রোমের উদ্দেশ্যে গতকাল রওয়ানা দেন। ইসরাইলের সঙ্গে বিদ্যমান কিছু সমস্যা সমাধানের জন্য তুরস্কের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনিরলিওগ্লু। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলের এক কর্মকর্তা দৈনিক হারেৎজকে এ তথ্য জানিয়েছেন।
ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ইয়োসি কোহেনকে না জানিয়েই গোল্ড তুর্কি কর্মকর্তার সঙ্গে এ বৈঠক করলেন। ইসরাইল এবং তুরস্কের মধ্যে যেকোনো ধরনের সংলাপের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন ইয়োসি। তুরস্ক বিষয়ক নেতানিয়াহুর বিশেষ দূত জোসেফ কিয়েচানোভারকেও গোল্ড বৈঠকের কথা জানাননি।#
২৩ জুন ২০১৫ - ১৪:১২
News ID: 696923
ইতালির রাজধানী রোমে তুরস্ক এবং ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা গোপন বৈঠক করেছেন।