আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সাগর পথে অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে আটকে পড়া আরও ৪১ বাংলাদেশি বুধবার থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন।
ব্যাংককে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঢাকা পৌঁছাতে পারেন।
গত সপ্তাহেও থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয় ৪৭ বাংলাদেশিকে, তারাও সাগর পথে অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে আটকা পড়েন।
সম্প্রতি মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে মানব পাচারকারীদের কয়েকটি আস্তানা এবং পাচারের শিকারদের কবরের সন্ধান মেলার পর অবৈধ অভিবাসী ঠেকাতে কড়া পদক্ষেপ নেয় ইন্দোনেশিয়াসহ এই তিন দেশ।
এরপর সাগরে ট্রলারে আটকে পড়েন অনেকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জোর আহ্বানে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার তাদের আশ্রয় দিতে রাজি হয়।
সাগরভাসাদের অধিকাংশই বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর।
তাদের যাচাই-বাছাই শেষে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ‘দ্রুততার’ সঙ্গে কাজ করা হচ্ছে বলে আগেই সরকারের পক্ষ থেকে বলা হয়।
এসব বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে পুরো খরচ যোগাচ্ছে সরকার। নাগরিকত্ব যাচাই-বাছাইসহ পুরো প্রক্রিয়া সমন্বয় করছে ব্যাংককে বাংলাদেশ মিশন।
বুধবার যে ৪১ জন আসছেন তাদের মধ্যে কক্সবাজারের ১৩ জন, ঝিনাইদহের ছয়জন, নরসিংদী ও সিরাজগঞ্জের পাঁচ জন করে, সাতক্ষীরার চারজন, মাগুরার তিনজন, যশোর ও বান্দরবানের দুইজন করে এবং ফরিদপুরের একজন রয়েছেন।