আবনা ডেস্ক : আট দিন মিয়ানমারে বন্দি থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে নিয়ে টেকনাফে পৌঁছেছে বিজিবি প্রতিনিধি দল। অপহরণের আট দিন পর বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের মংডু টাউনশিপে এক পতাকা বৈঠকের পর বিকাল সোয়া ৪টার দিকে বিজিবি প্রতিনিধিদলের কাছে আবদুর রাজ্জাককে হস্তান্তর করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। কোনো শর্ত ছাড়াই তাকে মুক্তি দিয়েছে বিজিপি। অপহরণের সময় রাজ্জাকের সঙ্গে থাকা অস্ত্র ও গুলিও ফেরত দেয়া হয়েছে।
বিজিবির কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদের কাছে রাজ্জাককে হস্তান্তর করেন ২ নম্বর বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পি হান।
এদিকে পিলখানা সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসীন আলী সাংবাদিকদের জানান, নায়েক রাজ্জাককে হেলিকপ্টারে করে এনে সংবাদ সম্মেলন করা হবে। বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ সেখানে উপস্থিত থাকবেন।
এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক শুরু হয়। সকাল সাড়ে ৯টায় তীব্র ঝড় বৃষ্টি উপেক্ষা করে টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে ৬ সদস্যের বিজিবি প্রতিনিধি দল টেকনাফ স্থল বন্দরের ইমিগ্রেশন জেটি দিয়ে কোস্টগার্ড এর দুটি হাইস্পিড বোটে মিয়ানমারের উদ্দেশ্যে রওয়ানা হন।
গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফের নাফ নদী সংলগ্ন সীমান্ত থেকে টহলরত বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। পরে তাকে হাতকড়া পরিয়ে রক্তাক্ত অবস্থায় শিকল দিয়ে বেঁধে রাখার ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশে-বিদেশে এ ঘটনার ব্যাপক সমালোচনা শুরু হয়।