আবনা ডেস্ক : পরমাণু ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠী ৩০ জুনের সময়সীমার মধ্যে চুক্তিতে পৌঁছাতে পারে নি। দু পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তি সইয়ের জন্য সাতদিন সময় বাড়ানো হয়েছে। ফলে আগামী ৭ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত চুক্তি সইয়ের বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়েছে। বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরও নিশ্চিত করেছে।
আগে নির্ধারিত সময়সীমা অনুযায়ী ৩০ জুন মধ্যরাতের মধ্যেই চূড়ান্ত পরমাণু চুক্তিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থেকে যাওয়ায় ভিয়েনায় আলোচনারত দু পক্ষ সময় বাড়ানোর ব্যাপারে একমত হয়। এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, “আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ২০১৩ সালের চুক্তির আওতায় ছয় জাতিগোষ্ঠী এবং ইরান সময়সীমা বাড়ানোর বিষয়ে একমত হয়।”
গত কয়েকদিন ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠী নিবিড় আলোচনা চালিয়ে আসছিল। তবে, শেষ মুহূর্তেও কিছু বিষয়ে মতভিন্নতা থেকে যাওয়ায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।#