৯ জুলাই ২০১৫ - ০৮:৩৬
সিরিয়ার ‘আইন ইসা’ পুনর্দখল করেছে কুর্দি যোদ্ধারা

কুর্দি যোদ্ধারা উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের কাছ থেকে সিরিয়ার ‘আইন ইসা’ শহরটি পুনর্দখল করেছে।

আবনা ডেস্ক : কুর্দি যোদ্ধারা উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের কাছ থেকে সিরিয়ার ‘আইন ইসা’ শহরটি পুনর্দখল করেছে। সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত রাক্কা শহরের কাছেই আইন ইসা শহর অবস্থিত।
কুর্দি যোদ্ধারা জানিয়েছেন, আইন ইসা বর্তমানে পুরোপুরি কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার বহু সন্ত্রাসীকে হত্যার মাধ্যমে তারা শহরটির নিয়ন্ত্রণ করেন বলে তারা জানিয়েছেন। এ অভিযানে কুর্দি মহিলা ব্রিগেড বা ওয়াইপিজে’র একটি ইউনিট অংশ নিয়েছে বলে জানা গেছে।
সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও কুর্দি যোদ্ধাদের হাতে আইন ইসা শহরের পতনের খবর নিশ্চিত করেছে। সিরিয়ান অবজারভেটরি সাধারণভাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী ফ্রন্টের মুখপাত্র হিসেবে পরিচিত।
তাকফিরি আইএসআইএল সন্ত্রাসীরা গত সোমবার কুর্দি যোদ্ধাদের কাছ থেকে শহরটি দখল করে নিয়েছিল। আইএসআইএলের প্রধান আস্তানা রাক্কা থেকে আইন ইসা ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। আইএসআইএল সন্ত্রাসীদের কাছে আইন ইসা শহরটির কৌশলগত গুরুত্ব রয়েছে। কারণ, এটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো এবং উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রধান মহাসড়কে অবস্থিত।
সাম্প্রতিক সময়ে তাকফিরি সন্ত্রাসীরা কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে। গত জানুয়ারি মাসে তারা তুর্কি সীমান্তবর্তী কুবানি শহর থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর থেকে এ পর্যন্ত কুর্দি যোদ্ধাদের হাতে বেশ কয়েকটি বড় ধরনের পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে।#