আবনা ডেস্ক : মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। তারা দেশের ভেতর হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশ দাবি করেছে।
এক প্রতিবেদনে শুক্রবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মালয়েশিয়া পুলিশের প্রধান খালিদ আবু বকর বলেছেন, আটকরা সিরিয়ায় আইএসআইএলের হয়ে লড়াই করতে মালয়েশিয়ানদের উদ্বুদ্ধ করার চক্রে জড়িত।
অন্যদিকে দেশের ভেতর হামলা করার জন্য তারা অস্ত্রের সন্ধানে ছিল।
কোথায়, কী ধরণের হামলার পরিকল্পনা করছিল ওই সন্দেহভাজন ব্যক্তিরা, তা অবশ্য স্পষ্ট করেনি পুলিশ।
আটকদের মধ্যে আটজন পুরুষ, অপর দুজন নারী। এদের বয়স ২৪ থেকে ৪২ বছরের মধ্যে। মালয়েশিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের বুধবার আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন এক কিন্ডারগার্টেন শিক্ষক, সাবেক এক ইন্টেরিয়র ডিজাইনার ও দুজন সরকারি চাকরিজীবী। অপর ছয়জন নিরাপত্তাবাহিনীর কর্মী।
ধারণা করা হয়, সিরিয়ায় আইএসআইএলের হয়ে যুদ্ধ করতে মালয়েশিয়ারে শতাধিক মানুষ দেশ ছেড়েছে।