আবনা ডেস্ক : এইচআইভি জীবাণু বহনকারী অন্তত এক ডজন এইডস রোগীকে আত্মঘাতী বোমা হামলা চালানোর কাজে ব্যবহার করবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। সিরিয়ার ভেতরে এসব বোমা হামলা চালানো হবে বলে পরিকল্পনা নিয়েছে সন্ত্রাসীরা।
সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ‘আরা’ জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের মায়েদিন শহরের একটি হাসপাতালে অন্তত ১৬ জন এইডস রোগীকে নির্জনে রাখা হয়েছে। এসব এইডস রোগীর বেশিরভাগই বিদেশী যারা এইচআইভি জীবাণু বহনকারী নারীদের সঙ্গে অবাধে যৌনাচার চালিয়েছে। সিরিয়ার ডাক্তাররা বার্তা সংস্থা আরা-কে এ তথ্য জানিয়েছেন।
মায়েদিন শহরের একজন মানবাধিকার কর্মীও জানিয়েছেন, আইএসআইএল সন্ত্রাসীরা এসব এইডস রোগীকে আত্মঘাতী বোমা হামলায় ব্যবহারে পরিকল্পনা নিয়েছে। এর আগে গত জুন মাসে সিরিয়ার হাসাকা প্রদেশের শাদ্দাদি শহরে আরেক এইডস রোগীকে আইএসআইএল হত্যা করেছিল। ওই ব্যক্তি নিজে আইএসআইএল সন্ত্রাসী ছিল এবং সে রক্ত দান করেছিল।
সিরিয়া ও ইরাকের বিরাট এলাকা আইএসআইএল সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকায় তারা নারী ও তরুণীদের ধরে নিয়ে যৌনদাসী হিসেবে ব্যবহার করছে। এছাড়া, অবাধ যৌনাচারের জন্য তারা নারী ও তরুণীদেরকে জোরপূর্বক বিয়ে করছে। আইএসআইএল সন্ত্রাসীরা এর নাম দিয়েছে জিহাদ আল-নিকাহ।#