২৪ আগস্ট ২০১৫ - ০৯:৪৩
রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে গৃহীত

সিলেটের আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত।

আবনা ডেস্ক : সিলেটের আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত। সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক শাহেদুল করীম সোমবার সকাল সাগে ১০টা থেকে ১১টা পর্যন্ত শুনানি শেষে এই চার্জশিট আমলে নেন।
সিলেট জেলা জজ কোর্টের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং রাজনের বাবার মনোনীত আইনজীবী শওকত চৌধুরী জানান, আদালত শুনানি শেষে চার্জশিট আমলে নিয়েছেন। একইসাথে চার্জশিটে অভিযুক্ত তিন পলাতক আসামি সৌদিতে আটককৃত কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে গ্রেফতারে পরোয়ানা জারিসহ তাদের মালামাল ক্রোকেরও নির্দেশ দিয়েছেন আদালত।
তারা জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
এর আগে ১৬ আগস্ট প্রধান অভিযুক্ত কামরুল ইসলামকে পলাতক দেখিয়ে সিলেট মহানগর হাকিম ফারাহানা মোবিনের আদালতে ১৩ জনকে আসামি করে আলোচিত এই হত্যা মামলার অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।
অভিযোগপত্রে আসামি মুহিত আলম, ইসমাইল হোসেন আবলুস, আলী হায়দার, রুহুল আমিন, দুলাল আহমদ, নুর মিয়া, ময়না, আয়াজ আলী, বাদল, লিপি বেগম, ফিরোজ ও আছমত আলীকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়।