আবনা ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরান পরমাণু ইস্যু নিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। কিন্তু সমঝোতার পরও যদি নিষেধাজ্ঞা বহাল থাকে তাহলে ইরান তা মানবে না।
ইরানের বিশেষজ্ঞ পরিষদের বৈঠকে আজ (বৃহস্পতিবার) সর্বোচ্চ নেতা এ মন্তব্য করেছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এই নিশ্চয়তার জন্য তেহরান পরমাণু আলোচনায় অংশ নিয়েছে।
সম্প্রতি বহু মার্কিন কর্মকর্তা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখার কথা বলেছেন। তাদের এসব বক্তব্যের সমালোচনা করে সর্বোচ্চ নেতা বলেন, পরমাণু আলোচনায় এমন কোনো কথা নেই যে, তেহরানের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখা হবে।
গত ১৪ জুলাই ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে সমঝোতা হয়। সে অনুযায়ী, ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠে যাবে এবং বিনিময়ে ইরান তার পরমাণু কর্মকাণ্ডে কিছু সীমাবদ্ধতা আনবে।#