২১ সেপ্টেম্বর ২০১৫ - ০০:৪৮
আরেকটি ইসরাইলি ড্রোন কব্জা করল হামাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আরো একটি ড্রোন কব্জা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

আবনা ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আরো একটি ড্রোন কব্জা করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। প্রায় দু’মাসের  মধ্যে এ নিয়ে ইসরাইলের দ্বিতীয় ড্রোন দখলে নিল হামাস।  
খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় গাজার বেইত লাহিয়া শহরের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরাইলের ড্রোনটি ভূপাতিত হওয়ার পর তা কব্জা করেন হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসাম ব্রিগেডের সদস্যরা।
অবশ্য আল-কাসসাম ব্রিগেড এখনো আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছুই জানায় নি।
গত ২২ জুলাই স্কাইলার্ক-ওয়ান নামের ইসরাইলি একটি ড্রোন কব্জা করেছিল আল-কাসসাম ব্রিগেড। ড্রোনটির নিরাপত্তার দিক এবং এর ভেতরে বসানো সিস্টেম ও প্রযুক্তি পরীক্ষা করে স্কাইলার্ক-ওয়ানকে নিজেদের কাজে লাগায় হামাস। এ জন্য স্কাইলার্ক-ওয়ানকে নতুন করে অ্যাসম্বল করতে হয়েছিল। প্রযুক্তি এবং সামরিক  এ সফলতাকে বিরাট বিজয় বলে উল্লেখ করেছিল হামাস।#