২৪ সেপ্টেম্বর ২০১৫ - ১৫:১৯
ভয়াবহ বিপর্যয়: মিনায় নিহত ৭১৭ হাজি

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আবারো হতাহত হয়েছেন শত শত হাজি।

আবনা ডেস্ক : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আবারো হতাহত হয়েছেন শত শত হাজি। পবিত্র মক্কার বাইরে মিনায় এবার এ ঘটনা ঘটেছে। মিনায় শয়তানকে প্রতীকি পাথর মারার সময় ভিড়ের চাপে অন্তত ৭১৭ জন হাজি নিহত ও ৮০৫ জন আহত হয়েছেন।   
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে দেশটির আল-আখবারিয়া টেলিভিশন চ্যানেল হতাহতের এ সংখ্যা জানিয়েছে। আজ স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রথম দিকে মক্কার পবিত্র মসজিদুল হারামে ক্রেন ভেঙে অন্তত ১০০ জন নিহত ও ২০০ মানুষ আহত হওয়ার কয়েকদিন পর মিনায় পদদলিত হয়ে হাজি নিহতের ঘটনা ঘটলো।
দুর্ঘটনায় পড়া লোকজনকে উদ্ধারের জন্য সৌদি আরব ঘটনাস্থলে ২২০টি অ্যাম্বুলেন্স ও ৪,০০০ উদ্ধার কর্মী পাঠিয়েছে। সৌদি বেসামরিক প্রতরক্ষা দপ্তর বলেছে, হাজিদের বিশাল সংখ্যাকে ভাগ করে বিকেল্প পথে শয়তানকে পাথর মারার আনুষ্ঠানিকতা পালানের ব্যবস্থা করা হয়েছে।
এ বছর প্রায় ২০ লাখ হাজি পবিত্র মক্কায় হজ করতে গেছেন। ২০০৬ সালে একই রকমের ঘটনায় মিনায় ৩৬০ জন হাজি মারা গিয়েছিলেন।#