২৮ সেপ্টেম্বর ২০১৫ - ১২:৫৭
বিশ্ব অঙ্গনে সাড়া-জাগানো ইরানি ক্বারী মিনায় নিহত

মিনায় পদদলিত হয়ে নিহত হয়েছেন মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৭ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকারী ইরানের বিশ্বনন্দিত যুবক ক্বারি মোহসেন হাজহাসানি করগার।

আবনা ডেস্ক: মিনায় পদদলিত হয়ে নিহত হয়েছেন মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৭ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অধিকারী ইরানের বিশ্বনন্দিত যুবক ক্বারি মোহসেন হাজহাসানি করগার।
গত জুন মাসে অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক এই প্রতিযোগিতা।
ইসলামী ইরানের নিয়ম অনুযায়ী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হওয়ার পুরস্কার হিসেবে তাকে হজে পাঠানো হয়েছিল।
তার ভাই মোস্তাফা হাজহাসানি করগার জানিয়েছেন, তার ভাইয়ের মৃত্যুর খবর তাকে জানানো হয়েছে। এর আগে মোহসেন নিখোঁজ হয়েছেন বলে মনে করা হচ্ছিল। তার বয়স হয়েছিল মাত্র ২৫।
তাঁর মৃত্যুতে কুরআন প্রেমিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মোহসেনের অকাল মৃত্যু কুরআন প্রেমিক মহল ও  কুরআন তিলাওয়াত শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে।
মিনার মর্মান্তিক ঘটনার আগে পবিত্র কাবা ঘরের কাছে দাঁড়িয়ে তিনি তাঁর মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছিলেন। সেই তিলাওয়াতসহ তাঁর অন্য অনেক তিলাওয়াতের ভিডিও এখন কেবলই বেদনাময় মধুর স্মৃতি হয়ে থাকবে।
এই খ্যাতিমান ক্বারি ছাড়াও মিনার ঘটনায় নিহত হয়েছেন কুরআন ও ইসলামী কবিতা-ভিত্তিক ইরানের ইসলামী সঙ্গীত শিল্পী আমিন বাওয়ি। বাকির উল উলুম ইসলামী সঙ্গীত গোষ্ঠীর সদস্য এই শিল্পীও একজন যুবক হিসেবে অকালে বিদায় নিলেন ইসলামী সংস্কৃতির জগত থেকে।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যসহ নানা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পর্যবেক্ষক, বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন,  মূলত সৌদি কর্তৃপক্ষের উদাসীনতা ও নানা ভুল পদক্ষেপ এবং অব্যবস্থাপনার কারণেই মিনায় ভয়াবহ বিপর্যয় ঘটেছে এবং এর ফলে প্রাণ হারিয়েছেন অন্তত দুই হাজার হজযাত্রী ও আহত হয়েছেন প্রায় সমসংখ্যক।