৪ অক্টোবর ২০১৫ - ১৩:০৯
৬০ দফা রুশ হামলা: পালাচ্ছে সিরিয়ার সন্ত্রাসীরা

রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ায় তিন দিনে ৬০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে।

আবনা ডেস্ক : রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ায় তিন দিনে ৬০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। এসব অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র ৫০টির বেশি লক্ষ্যের ওপর আঘাত হানা হয়েছে। এ কথা জানিয়েছেন রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের অপারেশন বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আদ্রি কাতাপোলোভ।
তিনি বলেন,  বিমান অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, সিরিয়ার খামেইমিম বিমানঘাঁটি থেকে দিনরাত ২৪ ঘণ্টা এ সব বিমান অভিযান পরিচালনা করা হচ্ছে। রুশ বাহিনী পুরো সিরিয়ায় বিমান অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট জেনারেল আদ্রি কাতাপোলোভ বলেন,  রুশ গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে সন্ত্রাসীদের মধ্যে ভয় এবং আতংক ছড়িয়ে পড়েছে এবং তারা নিজদের নিয়ন্ত্রিত এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে। এরই মধ্যে  প্রায় ৬০০ সন্ত্রাসী নিজেদের অবস্থান ছেড়ে পালিয়েছে এবং তারা ইউরোপে ঢোকার চেষ্টা করছে বলে জানান তিনি।
অভিযানে রুশ বিমান বাহিনী বাঙ্কার ব্লাস্টার বোমা ব্যবহার করছে। এতে রাকায় আইএসআইএল’র কমান্ড পোস্ট ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি। একই সঙ্গে এ এলাকায় সন্ত্রাসীদের ভূগর্ভস্থ অস্ত্রাগার ও গোলাবারুদের মজুদও ধ্বংস হওয়ার কথা জানানো হয়েছে।#