আবনা ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা করেছেন প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ। দেশটির সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। প্যারিসের নাগরিকদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে এবং বাড়তি নিরাপত্তার জন্য নগরজুড়ে দেড় হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
ফরাসি দৈনিক ‘লিবারেশন’ জানিয়েছে, প্যারিস শহরের মাঝামাঝি বাটাক্লঁ আর্ট সেন্টারে গতরাতে কনসার্ট চলাকালে ছয় থেকে আটজন সন্ত্রাসী একে-৪৭ রাইফেল নিয়ে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। এ সময় কনসার্ট হলে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যান্ড দল ‘ইগলস অব ডেথ’ সঙ্গীত পরিবেশন করছিল।
দৈনিকটি জানিয়েছে, কনসার্ট হলে প্রায় ১৩০ জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। তারা সেখানে শতাধিক মানুষকে আটক করার পর পুলিশ ভারী অস্ত্রসহ অভিযান চালিয়ে পণবন্দি সঙ্কটের অবসান ঘটায়। এসময় ৩ অস্ত্রধারী নিহত হয়। ঘটনাস্থল থেকে শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অন্য হামলাগুলো হয়েছে জাতীয় স্টেডিয়াম স্টেডি ডি ফ্রান্স এবং কয়েকটি পানশালা ও রেস্তোরাঁয়।
ফুটবল স্টেডিয়াম স্ট্যাড ডি ফ্রান্সের কাছে একটি পানশালায় বিস্ফোরণের সময় জার্মানির ও ফ্রান্সের মধ্যে ফুটবল ম্যাচ চলছিল। বিস্ফোরণের পর পরই খেলোয়াড়রা কিছুক্ষণের জন্য থমকে যায়। খেলা শুরু করলে আবারও বিস্ফোরণ ঘটে। এক পর্যায়ে গ্যালারি থেকে দর্শকরা মাঠে নেমে আসে। স্টেডিয়ামের পাশে তিনটি বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়। এসময় স্টেডিয়ামে বসে খেলা দেখছিলেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ।
হামলার কিছুক্ষণ পর রাতেই সাংবাদিকদের ব্রিফ করেন ফ্রাঁসোয়া ওলাদঁ। তিনি এ ঘটনাকে ‘নজিরবিহীন সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, কোনো ইসলামী গোষ্ঠী বা আল-কায়েদা গোষ্ঠী এ হামলা চালাতে পারে। হামলার ঘটনায় দেশটির সীমান্ত বন্ধের ঘোষণা দেন তিনি। জরুরিভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ফরাসি সরকারপ্রধান। এছাড়া, প্যারিসের বাসিন্দাদের যার যার বাড়িতে অবস্থান করতে পরামর্শ দেয়া হয়েছে। শহরে নামানো হয়েছে সেনা।
এছাড়া, পেটিট কমবজে রেস্তোরাঁয় গুলিতে ৪ ব্যক্তি নিহত হয়েছে। লে কারিলোন পানশালা ও লিটল কমবোডিয়া রেস্তোরাঁয় চালানো হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, প্যারিসের লেস হলস নামে একটি বিপণী কেন্দ্রের সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করা হয়েছে বলে ফ্রান্সের পুলিশ জানিয়েছে।
বিশ্বব্যাপী নিন্দা ও শোক
ভয়াবহ এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় কমিশন, ন্যাটো, আমেরিকা, ব্রিটেন, জার্মানি ও রাশিয়াসহ বিভিন্ন দেশ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই হামলার নিন্দা জানিয়ে হোতাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার কথা বলেছে ন্যাটো।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ফ্রান্সকে সব ধরনের সহযোগিতা করতে আমেরিকা প্রস্তুত আছে জানিয়ে ওবামা বলেছেন, “নিরপরাধ বেসামরিক জনগণকে সন্ত্রস্ত করার আরেকটি ভয়ঙ্কর চেষ্টা আমরা দেখলাম।”
প্যারিসে হামলার এই ভয়াবহতায় ক্ষুব্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক টুইটে বলেছেন, “আমরা ফ্রান্সের মানুষের পাশে আছি। তাদের সাহায্যে যতটা সম্ভব, আমরা তা করব।”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর পাশাপাশি ফরাসি সরকার ও জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।#
