২৬ নভেম্বর ২০১৫ - ১৬:১৮
বগুড়ায় শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলি ; ৪ জন হতাহত

বগুড়ার মুহাম্মাদপুর (হরিপুর) শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে ১ ব্যক্তি শহীদ এবং অপর ৩ জন আহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : বগুড়ার শিবগঞ্জ থানার মুহাম্মাদপুর গ্রামে অবস্থিত শিয়া মসজিদে মুসল্লীদের উপর দুর্বৃত্তদের চালানো হামলায় মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) শহীদ হয়েছেন। এ ঘটনায় মসজিদের ইমাম এবং অপর ২ মুসল্লী গুলিবিদ্ধ হয়েছেন।

শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের মুহাম্মাদপুর (হরিপুর) বাসস্ট্যান্ড শিয়া মসজিদে বৃহস্পতিবার মাগরিব নামাজের পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে মাগরিবের নামাযের সময় নিয়মিত মুসল্লীদের সাথে ২০-২২ বছর বয়সী অপরিচিত ৩ যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-পাঞ্জাবী ছিল। মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা যখন এশার নামাজের জন্য অপেক্ষা করছিল ঠিক ঐ মুহূর্তে ওই তিন যুবক মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। গুলির শব্দ শুনে আশে পাশের লোকজন ছুটে এলে ঐ ৩ যুবক পালিয়ে যায়। এ সময় মসজিদে থাকা ৪ জন গুলিবিদ্ধ হন। মাথায় গুলিবিদ্ধ মোয়জ্জেম হোসেনকে (৬০) হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।

অপর গুলিবিদ্ধরা হলেন- হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মসজিদের পেশ ইমাম মাও: মোঃ শাহিনুর রহমান (৩৫) এবং আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।

গুলিবিদ্ধ মুসল্লিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদটি ঘিরে রেখেছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।#