আবনা ডেস্ক : সিরিয়ার লাতাকিয়া প্রদেশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ মোতায়েনের প্রথম ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মস্কো।
সিরিয়ার আকাশসীমায় তুরস্ক একটি রুশ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার পর ওই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছিল মস্কো। রাশিয়া বলেছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশের তুর্কি সীমান্তবর্তী হামিমিম বিমান ঘাঁটিতে এই ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
তুর্কি সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে ওই ঘাঁটিটি অবস্থিত। এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চতুর্দিকের ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের আকাশে অবস্থিত যেকোনো বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম।
সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। কিন্তু মঙ্গলবার তুরস্ক রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার পর রাশিয়া বলেছে, সিরিয়ায় দেশটির কোনো জঙ্গিবিমানকে যেন ভবিষ্যতে আর কেউ হুমকিগ্রস্ত করতে না পারে সে লক্ষ্যে লাতাকিয়ায় এস-৪০০ মোতায়েন করা হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ বলেছিলেন, খুব শিগগিরই সিরিয়ার লাতাকিয়া প্রদেশে অবস্থিত রুশ বিমান ঘাঁটি হামিমিমে এস-৪০০ মোতায়েন করা হবে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ড থেকে এ নিদের্শ দেয়া হয়েছে বলে তিনি জানান।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন, এর আগে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রয়োজন ছিল না। কারণ, রুশ জঙ্গিবিমানকে কেউ গুলি করতে পারে একথা চিন্তাই করা যায়নি। তবে সিরিয়ায় তৎপর জঙ্গিদের বিরুদ্ধে হামলা পরিচালনাকারী কোনো ‘মিত্র দেশের’ বিরুদ্ধে এই ব্যবস্থা ব্যবহার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।#