আবনা ডেস্ক : ইরাকের রামাদি শহরের কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে দেশটির সেনাবাহিনী। সেখানে রাস্তায় রাস্তায় সেনাদের সঙ্গে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সংঘর্ষ চলছে। ইরাকের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওসমান আল-গানেমির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, “রামাদি শহর আগামী ৭২ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী মুক্ত হতে পারে।”
রামাদি শহর পুনর্দখল করা সম্ভব হলে সেটি হবে দায়েশের কাছ থেকে তিকরিত শহর দখলের পর দ্বিতীয় কোনো বড় শহর নিয়ন্ত্রণে নেয়া। চিফ অব স্টাফের বরাত দিয়ে বলা হয়েছে- রামাদি শহর দখলে নিতে পারলে ইরাকি সেনাদের জন্য তা বড় ধরনের মানসিক শক্তির কারণ হয়ে দাঁড়াবে।
গত মঙ্গলবার রাত থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদি মুক্ত করার অভিযান শুরু করে সামরিক বাহিনী। অভিযান শুরুর আগে বেসামরিক লোকজনকে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য সেখানে বিমান থেকে ব্যাপকভাবে লিফলেট ফেলা হয়।#