২৯ ডিসেম্বর ২০১৫ - ০০:২৩
আফগানিস্তানে আইএসআইএলের ৪ সদস্যের শিরশ্ছেদ

আফগানিস্তানে প্রভাবশালী একজন আইনপ্রণেতার প্রতি অনুগত স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্যরা আইএসআইএলের ৪ জনের শিরশ্ছেদ করেছে।

আবনা ডেস্ক: আফগানিস্তানে প্রভাবশালী একজন আইনপ্রণেতার প্রতি অনুগত স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্যরা আইএসআইএলের ৪ জনের শিরশ্ছেদ করেছে।
রোববার প্রাদেশিক কর্মকর্তারা বলেন, ওই সন্ত্রাসীদের মাথা একটি সড়কের পাশে রাখা হয়েছিল।
পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের আচিন জেলায় এই নৃশংস ঘটনা ঘটেছে।
এর আগে আইএসআইএল ওই মিলিশিয়া বাহিনীর চার সদস্যের শিরশ্ছেদ করে। তার প্রতিশোধ নিতেই আইএসআইএলের চার সদস্যের শিরশ্ছেদ করা হয়।
শনিবার ওই আটজন প্রতিদ্বন্দ্বী দলের হাতে আটক হন।
সেখানে আইএসআইএলের সঙ্গে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর সহিংস লড়াই ক্রমশ বাড়ছে। ওই প্রদেশের বেশ কয়েকটি জেলায় আইএসআইএল নিজেদের শক্তি বাড়িয়ে উগ্র জঙ্গি সংগঠন তালেবানের জায়গা নিতে চাইছে।
কিন্তু স্থানীয় আইনপ্রণেতা ও পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি জহিরের অনুগত মিলিশিয়ারা সেখানে তালেবান ও আইএসআইএল দুটি গোষ্ঠীর বিরুদ্ধেই কয়েক সপ্তাহ ধরে লড়াই করছে।
ইরাক ও সিরিয়ায় সক্রিয় আইএসআইএলের আবির্ভাব আফগানিস্তানে তুলনামূলক নতুন।
নানগারহার প্রদেশে তরুণ যোদ্ধাদের দলে ভেড়াতে খিলাফতের কণ্ঠস্বর নামে একটি বেতার কার্যক্রম শুরু করেছে আইএসআইএল। এতে সেখানে সংগঠনটির শক্তিবৃদ্ধির ইঙ্গিত মিলছে।
রয়টার্স