আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : আয়াতুল্লাহ শাইখ নিমরের ভাই মুহাম্মাদ নিমর জানিয়েছেন, শাইখ নিমরের মরদেহ হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে তার মরদেহকে অজ্ঞাত স্থানে দাফন করেছে সৌদি কর্তৃপক্ষ।
তার ভাষ্যমতে, সৌদি আরবের প্রখ্যাত এ আলেমের মরদেহকে কাতিফে –তাঁর জন্মভূমিতে- দাফন করতে চেয়েছিলেন তাঁর পরিবার। ধারণা করা হচ্ছে, গণরোষ থেকে দূরে থাকতে এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।
প্রতিকী জানাযা
কাতিফের জনগণ ঘোষণা করেছে যে, আজ তারা শাইখ নিমরের প্রতিকী জানাযা পড়বে।
উল্লেখ্য, সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ বাকের নিমর আল-নিমরসহ ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার সংবাদ গতকাল (শনিবার, ১ জানুয়ারি ২০১৫) প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেখ নিমরসহ সৌদি কারাগারে আটক সব রাজনৈতিক বন্দির মুক্তির জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আহ্বান উপেক্ষা করে সৌদি সরকার এসব মৃত্যুদণ্ড কার্যকর করল।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, শাইখ নিমরের বিচারকার্য ন্যায় ভিত্তিক ছিল না।#