আবনা ডেস্ক : আমেরিকার ইলিনয় ও মিসৌরি অঙ্গরাজ্যে ব্যতিক্রমী শীতকালীন বন্যা অব্যাহত রয়েছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হওয়ায় শহরগুলো ঝুঁকির মুখে পড়েছে। বন্যায় এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। এর মধ্যে ইলিনয়ে ১০ এবং মিসৌরিতে ১৫ জন প্রাণ হারিয়েছেন।
বন্যায় শত শত বাড়িঘর-দোকানপাট পানির নিচে তলিয়ে গেছে। আবহাওয়ার ঘোষণায় পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। জাতীয় আবহাওয়া সার্ভিসের স্টিভ বুয়ান বলেন, ইলিনয় নদীর বাঁধ টইটম্বুর হয়ে আছে। পানি আটকাতে কিছু প্রচেষ্টা ব্যর্থও হচ্ছে।
ক্রিসমাসের পরপরই ব্যাপক ঝড়-বৃষ্টিতে মিসিসিপি নদীর উপত্যকা তলিয়ে যায়। নদীর পানি রেকর্ড ভেঙে চার ফুটেরও বেশি ওপর দিয়ে বয়ে যায়।
বুয়ান বলেন, 'এটি খুবই ব্যতিক্রমী ঘটনা। আমরা ভাবিনি, ক্রিসমাস এবং নতুন বছরের এই সময়ে এ ধরনের বন্যা দেখা দেবে।' এদিকে, বাঁধ রক্ষায় কর্তৃপক্ষ ১০ লাখের বেশি বালির বস্তা বিতরণ করেছে।#