আবনা ডেস্ক : আল কায়েদার ৪৩ সদস্যের মৃত্যুদণ্ডের প্রতিশোধ নিতে সৌদি আরব ও তার পশ্চিমা মিত্রদের উপর হামলার আহ্বান জানিয়েছেন সংগঠনটির প্রধান আয়মান আল জাওয়াহিরি।
মঙ্গলবার প্রকাশিত নতুন এক অডিও টেপে তিনি এ আহ্বান জানান বলে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রপ বৃহস্পতিবার জানিয়েছে।
আল কায়েদার আন্তর্জাতিক শাখাও সোমবার হুঁশিয়ার করে বলেছে, ওই ‘হত্যাকাণ্ডের’ জন্য সৌদি আরবকে ‘মূল্য দিতে হবে’।
আল কায়েদার ওই ৪৩ সদস্য ছাড়াও একই দিন চার শিয়া মুসলিমের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এর মধ্যে শেখ নিমর আল নিমর নামের এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
অডিও বার্তায় জাওয়াহিরি, সৌদি আরব শাসনকারী আলে সৌদ রাজপরিবারকে উৎখাতের জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানান।
সেই সঙ্গে সৌদি আরব ও তাদের পশ্চিমা মিত্রদের উপর হামলা করতে আল কায়েদার অনুসারীদের প্রতি আহ্বান জানান তিনি।
সৌদি নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনার ধর্মীয় ও সামজিক জীবনকে দূষিতকারী দুর্নীতিবাজ এই শাসকচক্রকে উৎখাত করার সময় কি আসেনি?”
বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা সংগঠনের অনুসারীদের তিনি বলেন, ‘ইহুদি-ক্রুসেডাদের ক্ষতিগ্রস্ত করাই হবে আপনার ভাইদের জন্য সেরা প্রতিশোধ।”
সৌদি আরবে আল কায়েদার যে ৪৩ জন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত অনেকগুলো হামলার জন্য দোষী সাব্যস্ত করা হয়। সেসব হামলায় কয়েকশ মানুষ নিহত হন।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সুন্নিদের সমর্থন আদায়ের জন্য রিয়াদ নিমর আল নিমরকে ‘উদ্দেশ্যমূলকভাবে’ হত্যা করেছে বলে অভিযোগ করেন জাওয়াহিরি।#