আবনা ডেস্ক: দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশকে দুটি সোনার পদক এনে দিয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত ও মাহফুজা খাতুন শিলা। ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে শ্রীলংকা এবং নেপালের প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণপদক জেতেন মাবিয়া আক্তার সীমান্ত। এরপর সাঁতার থেকে অনেকটা অপ্রত্যাশিতভাবেই সোনা জেতেন মাহফুজা খাতুন শিলা।
ভারতের শিলং ও গৌহাটিতে চলমান আসরে দেশকে প্রথম সোনার পদক উপহার দেয়ার পর সেটি নিতে মঞ্চে উঠে আর আবেগ ধরে রাখতে পারেননি মাবিয়া। সোনা জয়ের আনন্দে কাঁদতে কাঁদতে বেদিতে শিখরে উঠেছেন বাংলাদেশের এই 'সোনার মেয়ে'। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, নিজের কীর্তিতে দেশকে করেছেন গর্বিত।
ভারতের গৌহাটির ভোগেশ্বরী ফুকানানি ইনডোর স্টেডিয়ামে রোববার স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৯ কেজি ওজন তুলেছেন মাবিয়া। স্ন্যাচে ৬৭ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৮২ কেজি ওজন তুলেছেন তিনি। এই ইভেন্টে রুপা জেতা শ্রীলংকার আয়েশা বিনোদানী অনেকটাই পিছিয়ে ছিলেন তার থেকে (১৩৮ কেজি)। ব্রোঞ্জ জিতেছেন নেপালের জুন মায়া চান্ডিয়াল, তিনি তুলেছেন ১২৫ কেজি।
মাবিয়া এর আগে ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সিনিয়র, জুনিয়র ও ইয়ুথ বিভাগে সোনার পদক জিতেছেন। ওই আসরে ৩টি সোনার পাশাপাশি ২টি রুপার পদকও জিতেছিলেন তিনি। কমনওয়েলথ ভারোত্তোলনে মোল্লা সাবিরা আর শাহরিয়ার সুলতানা সূচির পর তৃতীয় নারী হিসেবে সোনার পদক পেয়েছিলেন মাবিয়া। এবার এসএ গেমসেও পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখলেন তিনি।
দক্ষিণ এশিয়ান গেমসে এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে মেয়েদের ভারোত্তোলন। অন্যান্য ইভেন্টে আশানরূপ সাফল্য না এলেও এই ইভেন্টে বাংলাদেশের অর্জনের ঝুলি বেশ সমৃদ্ধই। মাবিয়ার আগে রোববার ৫৮ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন ফুলপতি চাকমা। শনিবার এই ইভেন্ট থেকে আরো দুটো ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশের ভারোত্তোলকরা। সব মিলিয়ে তৃতীয় দিন পর্যন্ত ভারোত্তোলন থেকে একটি করে সোনা, রুপা এবং দুটি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।
১২তম এসএ গেমসে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সোনাটি এসেছে অনেকটা অপ্রত্যাশিতভাবে, সাঁতার থেকে। গৌহাটির ডক্টর জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১ মিনিট ২০:২০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন শিলা। এক আসর পর সাঁতারে আবারো সোনা জিতল বাংলাদেশ। গতবার দেশের মাটিতে (২০১০ সালে) হওয়া এসএ গেমসের পদক তালিকায় দ্বিতীয় স্থানে নাম লেখালেও সাঁতার থেকে কোনো সোনা জিততে পারেনি বাংলাদেশ। শিলা সেই আক্ষেপ ঘোচালেন গৌহাটিতে।#