আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইরাক পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, দায়েশের শীর্ষস্থানীয় নেতা ও কারকুকে বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বিষয়ক যৌথ বাহিনী।
ব্রিগেডিয়ার সারহাদ কাদের বলেন: ইরাকের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় কারকুকে পরিচালিত এক অভিযানে আবু উবাইদা নামক দায়েশ সন্ত্রাসী গ্রুপের ঐ শীর্ষ নেতাকে আটক করা হয়।
তিনি জানান: কারকুক প্রদেশে পেশমার্গ সেনাদের মাঝে গাড়ী বোমার বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত ছিল আবু উবাইদা। এছাড়া তিকরিতের উত্তরে অবস্থিত বিজী এলাকার সংঘর্ষেও সে উপস্থিত ছিল।
সারহাদ কাদের আরো জানান: নিখুঁত তথ্যের ভিত্তিতে তার গ্রেপ্তার অভিযান চালানো হয়। তার গ্রেপ্তার পর স্পষ্ট হয়েছে যে, সে নতুন সন্ত্রাসী কর্মকাণ্ড চালু এবং নতুন হামলার পরিকল্পনার উদ্দেশ্যে কারকুকে প্রবেশ করেছিল।
তার সংযোজন: গ্রেপ্তারকৃত ঐ দায়েশ নেতা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিরাপত্তা বাহিনী ও পেশমার্গ সেনাদের মাঝে গাড়ী বোমা বিস্ফোরণের কথা স্বীকার করেছে।
এদিকে, আবু উবাইদা’র অপর দুই সহযোগীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইরাক পুলিশের উর্ধ্বতন এ কর্মকর্তা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও জায়নাবাদের সৃষ্টি এবং ওয়াহাবি ও তাকফিরি (মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ ভ্রান্ত এ আকিদার প্রসার ঘটাচ্ছে) আকিদায় বিশ্বাসী দায়েশ (আইএসআইএল) সন্ত্রাসী গ্রুপ। সন্ত্রাসী এ গ্রুপটি বর্তমানে বিভিন্ন ইসলামি দেশের অবকাঠামো ধ্বংস এবং ইসলামি দেশসমূহকে খণ্ডে খণ্ডে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।#