আবনা ডেস্ক : নিরাপত্তার অযুহাতে এক মুসলিম পরিবারকে বিমান থেকে নামিয়ে দেয়ায় যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের বিরুদ্ধে আবারও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ উঠেছে।
সম্প্রতি শিকাগো বিমানবন্দর থেকে ওয়াশিংটন যাওয়ার জন্য ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন ইমান-এমি সাদ শিবলি, তার স্বামী ও তাদের তিন সন্তান। বিমানটি উড্ডয়নের আগ মুহূর্তে পাইলট এসে তাদেরকে বিমান থেকে নেমে যেতে বলেন।
শিবলি ওই ঘটনার দুটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায় প্রথমে বিমান বালা এরপর পাইলট এসে তাদের নেমে যেতে বলছেন।
শিবলি পাইলটের এমন আচরণে জানতে চান, এটি ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত কিনা। জবাবে পাইলট জানান, ‘এটি ফ্লাইটের নিরাপত্তা ইস্যু।’
এ ঘটনায় ওই মুসলিম পরিবারের পক্ষ হয়ে দোষী বিমান কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত বছরের মে মাসে একই এয়ারলাইন্সের বিমানে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ভেবে এক মুসলিম নারীকে ঢাকনা লাগানো কোকভর্তি ক্যান দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল। ইসলামোফোবিয়া থেকেই ওই নারীর সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলে সে সময় সমালোচনা হয়েছিল।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট