আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: প্রতি বছরের ন্যায় এবারও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানসহ সারা দেশের বিভিন্ন শহর ও গ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নবীকন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী।
কুরআন তেলাওয়াত, কাসিদা পাঠ, কবিতা আবৃতি, গজল পরিবেশন, বক্তৃতা এবং আপ্যায়ন ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে ধর্মপ্রাণ শিয়া ও সুন্নি মুসলমানদের উপস্থিতিতে পালিত হয়েছে এ সকল অনুষ্ঠান।
যশোরে হযরত ফাতেমা (আ.)’র জন্মবার্ষিকী পালিত
“হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষকী” ও “বিশ্ব নারী দিবস”বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর শহরে পালিত হয়েছ।
গত ৩০শে মার্চ যশোর শিল্পকলা একাডেমীতে ২০শে জমাদিউস সানী খাতুনে জান্নাত হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৯০১ সালের ঐ একই দিনে ইরানে ইসলামী বিপ্লবের মহান সাধক ইমাম খোমেনী (রহঃ) এর জন্মগ্রহণ করেন।
এই দিনে বিশ্ব ইসলামী নারী দিবসের ঘোষণাকে স্বাগত জানিয়ে ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে যশোরের ইনকিলাব-এ-মাহ্দী মিশন।
পবিত্র এ দিবস উপলক্ষে আয়োজিত আড়ম্বর এ অনুষ্ঠানটি ইনকিলাব-এ-মাহ্দী মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মল্লিক আব্দুর রউফ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্র খুলনার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মাওলানা সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী, আঞ্জুমানে রূহানীর সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম মাওলানা সাইয়্যেদ হাবীব রেজা হুসাইনী, ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ীর পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন, হুজ্জাতুল ইসলাম মাওলানা সাজেদুল ইসলাম, ইনকিলাব-এ-মাহ্দী মিশনের পরিচালক জনাব সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব সাহিদুল ইসলাম বাবু।
উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ছোটদের কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামি কাওয়ালী, কবিতা আবৃতি ও গজল পরিবেশন করা হয়।
এমআইইউ’র ঢাকা শাখায় হযরত ফাতেমা (সা. আ.) এর জন্মবার্ষিকী পালিত
নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল আয়োজিত হয়েছে আল-মোস্তফা (স.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ঢাকা ক্যাম্পাসে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরানি কালচারাল সেন্টারের মাননীয় কাউন্সেলর জনাব সৈয়দ মুসা হুসাইনি।
১১:৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠান দুপুর ১২:৪৫ মিনিটে শেষ হয়।
এমআইইউ’র ঢাকা ক্যাম্পাসের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে এবং ছাত্রদের সহযোগিতায় আয়োজিত এ আনন্দ মাহফিলে হাফেজ মোঃ শফিকুল ইসলাম কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ শরিফুল ইসলাম।
এতে হামদ পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোখলেসুর রহমান ও মোঃ আসাদুজ্জামান এবং দলীয়ভাবে নাতে রাসুল পরিবেশন করেন আসাদুজ্জামান ও তার দল। কবি নজরুল ইসলাম কর্তৃক রচিত বিখ্যাত কাসিদা “বিশ্ব দুলালী নবীনন্দিনী” পরিবেশন করেন মোঃ রবিউল আওয়াল। এছাড়া হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শানে রচিত আরবি একটি কাসিদা পরিবেশন করেন আলী হায়দার ও তার দল।
অনুষ্ঠানের মাঝে আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচিতি বিষয়ক একটি ভিডিও প্রচার করা হয়।
ঢাকা ক্যাম্পাসের শিক্ষক ও ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডেপ্যুটি কাউন্সেলর জনাব আসগার খোসরাবাদিও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটি পরিচালনা করেন এমআইইউ’র ছাত্র মোঃ মশিউর রহমান হাদী।#