১১ এপ্রিল ২০১৬ - ১৫:১৬
‘সিরিয়ায় ২১ খ্রিস্টানকে হত্যা করেছে আইএস’

সিরিয়ার আল কারিয়াতায়িন টাউনে আইএসআইএল সন্ত্রাসীরা সিরীয় খ্রিস্টানদের হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

আবনা ডেস্ক: সিরিয়ার আল কারিয়াতায়িন টাউনে আইএসআইএল সন্ত্রাসীরা সিরীয় খ্রিস্টানদের হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
গত সপ্তাহের প্রথম দিকে আইএসআইএল সন্ত্রাসীদের হটিয়ে টাউনটি পুনর্দখল করে রুশ সমর্থিত সিরীয় বাহিনী ও তাদের মিত্র বাহিনীগুলো।
সিরীয় অর্থোডক্স চার্চের প্রধান ফাদার দ্বিতীয় ইগনাতিয়াস আপহরেম বিবিসিকে জানান, গত অগাস্টে আইএসআইলে টাউনটি দখল করে নেওয়ার সময় এখানে প্রায় ৩০০ খ্রিস্টান ছিল, এদের মধ্যে ২১ জনকে খুন করা হয়।
নিহতদের মধ্যে তিনজন নারী ছিল বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, আইএসআইএলে'র হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টায় পালিয়ে যাওয়ার সময় এদের কয়েকজন নিহত হন, আইএসআইএলে'র ‘যিম্মি চুক্তি’র বরখেলাপ করায় অন্যান্যদের হত্যা করা হয়। এই চুক্তি অনুসারে অন্যান্য বিশ্বাসের বাসিন্দাদের ইসলামিক আইন মেনে চলার কথা ছিল।
এখনো টাউনটির আরো পাঁচজন খ্রিস্টান বাসিন্দা নিখোঁজ আছেন, তারাও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
খ্রিস্টান বালিকাদের আইএসআইএল দাস হিসেবে বিক্রি করার পরিকল্পনা করেছিল, এমন কথাও শোনা গেছে বলে জানিয়েছেন এই ধর্মযাজক।
তিনি জানান, খুন-জখম সত্বেও বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষের মধ্যে সমঝোতা ফিরিয়ে আনাই তার লক্ষ্য।
তিনি বলেন, “শতাব্দির পর শতাব্দি ধরে আমরা এই পরিস্থিতিতে বসবাস করে আসছি, কীভাবে পরস্পরকে শ্রদ্ধা করতে হয় তা আমরা জানি, আমরা সবাই মিলে একত্রে বসবাস করতেও অভ্যস্ত।
“যদি অন্যান্যরা আমাদের একা ছেড়ে দিয়ে চলে যায় তবে আমরা আবারও একসঙ্গে বসবাস করতে পারবো।”
আইএসআইএলের হাত থেকে পুনর্দখলকৃত এই শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিটি সড়কের প্রতিটি ভবন ক্ষতিগ্রস্থ হয়ে প্রায় পরিত্যাক্ত হয়ে আছে। টাউনটির দেড় হাজার বছরের পুরনো ক্যাথলিক ধর্মশালাটিও রেহাই পায়নি, প্রায় পরিত্যাক্ত হয়ে আছে।#