১২ এপ্রিল ২০১৬ - ০৩:৩১
লিবিয়ায় মার্কিন হামলা ভুল ছিল: ওবামা

কর্নেল গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়ায় শুরু হয় ব্যাপক নৈরাজ্য।

আবনা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেছেন যে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফির পতনের ফলাফল সম্পর্কে বিবেচনা না করা ছিল তার একটি বড় ভুল।
ফক্স নিউজ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলা সময় তিনি একথা বলেন।
তবে লিবিয়ায় মার্কিন হস্তক্ষেপ 'সঠিক পদক্ষেপ' ছিল বলে উল্লেখ করেন তিনি।
২০১১ সালে গণ অভ্যুত্থান চলার সময় বেসামরিক জনগণকে রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ লিবিয়ায় বোমা হামলা চালিয়েছিল। কিন্তু কর্নেল গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়ায় শুরু হয় ব্যাপক নৈরাজ্য।
মিলিশিয়া গোষ্ঠীগুলো ক্ষমতার জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে। দুটি ভিন্ন সরকার এবং সংসদ গঠিত হয়। এই সুযোগে আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠী লিবিয়ায় আত্মপ্রকাশ করে।
আর ব্যাপক অরাজকতার ফলে হাজার হাজার শরণার্থী লিবিয়া ছেড়ে ইউরোপ অভিমুখে যাত্রা শুরু করেন।#