২৬ এপ্রিল ২০১৬ - ০১:৩০
ট্রাম্পকে শায়েস্তা করতে ক্রুজ-কাসিচ জোট

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যত দিন যাচ্ছে তত বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

আবনা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যত দিন যাচ্ছে তত বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠছে। বিরোধী প্রার্থী টেড ক্রুজ ও জন কাসিচকে তিনি কিছুতেই স্থির হতে দিচ্ছেন না। যে কারণে ট্রাম্পকে রুখতে এবার জোড় বেঁধেছেন এই দুই প্রার্থী।
ট্রাম্প এখনো পর্যন্ত ভোট এবং প্রতিনিধিতে টেড ক্রুজ কিংবা জন কাসিচের চেয়ে এগিয়ে আছেন অনেক। খোদ রিপাবলিকান দলের নেতারাই ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে ক্রুজকে সমর্থন দিতে শুরু করেছেন। তারপরও পেরে উঠছেন না ক্রুজ। ট্রাম্পকে শায়েস্তা করতে জন কাসিচের সাথে জোট বেঁধে ঘোষণা দিয়েছে নতুন পরিকল্পনার।
গত সপ্তাহের নিউইয়র্ক প্রাইমারীতে ট্রাম্পের কাছে শোচনীয় পরাজয় হয়েছে ক্রুজের। ফলে আসন্ন ওরেগন ও নিউ মেক্সিকো প্রাইমারি ভোটের প্রচারণায় ক্রুজ ছাড় দেবেন যাতে কাসিচ জয় লাভ করেন সেখানে। তার ফলশ্রুতিতে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ক্রুজের জয় পাওয়ার পথ পরিষ্কার হবে।
ট্রাম্প অবশ্য রিপাবলিকান দলের বিরুদ্ধেই কথা বলতে শুরু করেছে এখন। তিনি তার প্রতিপক্ষদের উদ্দেশ্য করে বলেছেন, তারা এখন মরিয়া কারণ তারা জানে কোন হিসেবেই তারা জিততে পারবে না।
প্রতিনিধির হিসেবে ট্রাম্প অনেক এগিয়ে। রিপাবলিকান দলের থেকে মনোনয়ন পেতে তার প্রয়োজন এক হাজার ২শ' ৩৭ জন প্রতিনিধি। বর্তমানে তার হাতে রয়েছে প্রায় ৮৪৫ জন। এদিকে টেড ক্রুজের হাতে রয়েছে মাত্র ৫৫৯ জন এবং কাসিচের হাতে ১৪৮ জন।#