১ মে ২০১৬ - ০১:৫২
৪ হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে আইএসআইএল

জঙ্গিগোষ্ঠি আইএসএল তাদের কথিত ‘খেলাফত’ প্রতিষ্ঠার পর থেকে বিগত ২২ মাসে চার হাজার ১৪৪ জনকে হত্যা করেছে।

আবনা ডেস্ক : জঙ্গি সংগঠন আইএসআইএল সিরিয়ায় গত দুই বছরে চার হাজার মানুষকে হত্যা করেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট’ (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে। আইএসআইএল'র বিরুদ্ধে যাওয়ায় এসব মানুষকে শিরচ্ছেদ করে, গুলি করে ও আগুনে পুড়িয়ে মারা হয়েছে।
জঙ্গিগোষ্ঠি আইএসএল তাদের কথিত ‘খেলাফত’ প্রতিষ্ঠার পর থেকে বিগত ২২ মাসে চার হাজার ১৪৪ জনকে হত্যা করেছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, আইএসআইএল'র হাতে প্রাণ যাওয়া এসব সিরীয়দের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর যোদ্ধা ও সরকার বিরোধী গ্রুপের সদস্য ও তাদের পরিবার আইএসআইএল'র হাতে খুন হয়েছে।
এসওএইচআর’র মুখপাত্র বিবিসিকে জানান, ‘আইএসআইএল এবং সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের ফলে সৃষ্ট সহিংসতা বন্ধের জন্য আমরা ইতিমধ্যে জাতিসংঘের কাছে জোর দাবি জানিয়েছি।’
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া বাশারবিরোধী আন্দোলন ধীরে ধীরে গৃহযুদ্ধে রূপ নেয়। পাশাপাশি সেখানে উত্থান ঘটে আইএসআইএলসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর। বিগত পাঁচ বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধ কেড়ে নিয়েছে দেশটির চার লক্ষাধিক মানুষের প্রাণ।#