৩ মে ২০১৬ - ১৪:৪০
মিয়ানমারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ৫০ ঘর ভস্মীভূত

মঙ্গলবার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরে কমপক্ষে ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আবনা ডেস্ক : মঙ্গলবার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরে কমপক্ষে ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদ জানিয়েছে।
ঐ অঞ্চলের ক্যাম্পগুলোতে মূলত ছাপড়ি ঘর বানিয়ে বসবাস করেন দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের মানুষ। ২০১২ সালের বৌদ্ধ মুসলিম দাঙ্গার সময় এই মানুষগুলো স্থানচ্যুত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী খিণ মাং মিনত জানিয়েছেন, রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়া নিকটবর্তী বাউ ডু ফা ২ নামের একটি ক্যাম্পে আগুন ধরে যায়। দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে মোট ৬টি পরিবার বসত করতেন। কর্তৃপক্ষ এখনো এই ব্যাপারে কোন মন্তব্য করেন নি।
মিয়ানমারে রোহিঙ্গারা বর্তমানে দেশহীন। দাঙ্গার পর হাজার হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। প্রায় এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা এখনো ক্যাম্প গুলোতে ছড়িয়ে ছিটিয়ে বাস করলেও তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।