১৭ মে ২০১৬ - ০৩:৪৬
আমি মুসলিম বিরোধী নই: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের পুলিশের সঙ্গে কাজ করা এবং সন্দেহভাজন লোকজন সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আবনা ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের পুলিশের সঙ্গে কাজ করা এবং সন্দেহভাজন লোকজন সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রায় নিশ্চিত করে ফেলা ট্রাম্প নির্বাচনী প্রচারণার শুরুর দিকে মুসলিম বিদ্বেষী মন্তব্য করে ব্যাপকভাবে সমালোচিত হন।
বিবিসি জানায়, যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল আইটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি মুসলিম- বিরোধী নন, তবে তিনি সন্ত্রাস-বিরোধী।
ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিলেন।
নিজের মুসলিম বিদ্বেষী মন্তব্যের বিষয়ে ট্রাম্প বলেন, “আমি যখন আমেরিকায় প্রবেশের বিষয়ে মুসলিমদের উপর অবিলম্বে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাই তখন শুধুমাত্র রাজনৈতিকভাবে আমার সমালোচনা হয়। কিন্তু বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষ বলে, ‘ডোনাল্ড ট্রাম্প সঠিক।”
বিতর্কের মুখে এখন নিজের মন্তব্যের ভিন্ন ব্যাখ্যা কেন দিচ্ছেন এমন প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “এমনটা মানুষ ভাবছে। এটি আমার জন্য ভাল নাকি খারাপ তা নিয়ে আসলে আমার কোনও মাথাব্যাথা নেই।”
“চরমপন্থি মুসলিম সন্ত্রাসীদের নিয়ে বিশ্ব ভয়ঙ্কর সমস্যায় আছে। যদি আপনি বিশ্বের দিকে তাকান, দেখবেন বিশ্ব বিস্ফোরিত হচ্ছে। সুইডেনের লোকজন নিশ্চয়ই এ ক্ষতি করছে না, ঠিক কিনা?”
মুসলিমদের আশে পাশের কারও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলেই তাদের সম্পর্কে পুলিশকে জানানো উচিত বলেও মনে করেন ট্রাম্প।
তিনি বলেন, “তদের অবশ্যই পুলিশের সঙ্গে কাজ করা উচিত। তারা সন্দেহভাজনদের ধরিয়ে দিচ্ছে না। যদি তারা বল না খেলে তবে কোনও কাজই হবে না।”