৯ জুন ২০১৬ - ০৬:৩৬
বগুড়ায় শিয়া মসজিদে হামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

আজ বুধবার ভোরে বগুড়ার শিবগঞ্জে পুলিশের সাথে কথিত বন্ধুকযুদ্ধে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য কাওসার (২৫) নিহত হয়েছেন।

আবনা ডেস্ক : আজ বুধবার ভোরে বগুড়ার শিবগঞ্জে পুলিশের সাথে কথিত বন্ধুকযুদ্ধে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য কাওসার (২৫) নিহত হয়েছেন। এ সময় দু'জন পুলিশ সদস্য আহত হন। নিহত জেএমবি সদস্য শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর বাসষ্ট্যান্ডের পাশের কানুপুর শিয়া মসজিদে বোমা হামলা মামলার আসামী। বন্দুকযুদ্ধের পর একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, গুলির খোসা, ৫টি হাতবোমা, ২টি ছুরি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র এএসপি গাজিউর রহমান জানান, জেলা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেএমবি সদস্য কাওসারকে গ্রেফতারে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলী ব্রীজের নিকট অভিযান চালায়। ভোর রাত সাড়ে ৩টার দিকে ৩-৪ জন যুবক ব্যাগ হাতে ব্রীজের কাছাকাছি এলে পুলিশ তাদের থামতে বলে। এ সময় ওই যুবকরা পুলিশকে লক্ষ্য করে ২-৩টি হাতবোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে জেএমবি সদস্যরাও গুলি করতে করতে পালাতে থাকে। একপর্যায়ে গোলাগুলি থেমে থেমে যাওয়ার পর স্থানীয়দের সহযোগীতায় গুলিবিদ্ধ জেএমবি সদস্য কাউছারকে আটক করে পুলিশ। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ তাদের নিকট সংরক্ষিত ছবি দেখে নিশ্চিত হয় যে নিহত যুবক জেএমবি সদস্য এবং সে শিয়া মসজিদে বন্দুক হামলায় সরাসরি জড়িত ছিল। বন্দুকযুদ্ধে পুলিশের দুই কনস্টেবল আবু রায়হান ও আলতাফ হোসেন হাতবোমার স্প্রিন্টারের আঘাতে আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিদেশী পিস্তুল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কাওসার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের কমর গ্রামের আমীর আলীর ছেলে।
তিনি আরো জানান, সে এজহারভুক্ত আসামী ছিল না। আদালতে একজন আসামী ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে কাওসার বোমা হামলার সাথে জড়িত ছিল বলে স্বীকারোক্তি দেয়। এরপর থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করা হয়। মামলাটি বর্তমানে শিবগঞ্জ থানার পরিদর্শক কামরুজ্জামান তদন্ত করছেন।#