৯ জুন ২০১৬ - ২২:৫৫
কিংবদন্তি মোহাম্মদ আলীর দাফন আজ

বিদায়ে ভক্তরা কাঁদবে, কাঁদবে গোটা বিশ্ব, মোহাম্মদ আলী তা জানতেন।

আবনা ডেস্ক: বিদায়ে ভক্তরা কাঁদবে, কাঁদবে গোটা বিশ্ব, মোহাম্মদ আলী তা জানতেন। তাই অন্তিম শয়নে যাওয়ার আগের পরিকল্পনা জীবদ্দশাতেই করে গিয়েছিলেন বক্সিং কিংবদন্তি। শেষ পর্যন্ত তার পরিকল্পনা মাফিকই চলছে সবকিছু। আজ কেনটাকির হোমটাউন লুইসভিলে শতাব্দির সেরা এই ক্রীড়াবিদকে দাফন করা হবে তার পরিকল্পনা মতো। আলীর পরিবারের সদস্যরা আগেই জানিয়েছেন, বিশ্বের যে বা যারা আলীকে শেষ বিদায় জানাতে চান, সেই সুযোগ তারা পাবেন।
যেখানে তার জন্ম, বেড়ে ওঠা, বিশ্ব কাঁপানোর প্রস্তুতি, ধর্মান্তরিত হয়ে ক্যাসিয়াস ক্লে থেকে মোহাম্মদ আলী হয়ে ওঠা এবং জীবনের বড় সময় কেটেছে যেখানে, সেই লুইসভিল এখন আলীর শোকে কাতর। 'আই অ্যাম আলী' নামে তিন দিনব্যাপী একটি ফ্যাস্টিভ্যালও চলছে সেখানে। সর্বসাধারণের জন্য নগরীর এক্সপো সেন্টারে করা হয়েছে জাদুঘর। কেনটাকির সিটি হলে পতাকা তার শোক ও শ্রদ্ধায় অর্ধনমিত। শুক্রবারের চির বিদায়ের প্যারেডের জন্য শহরটা তৈরি। ইতোমধ্যে আলীর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে সেখানে।
৭৪ বছর বয়সে গত শুক্রবার পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মোহাম্মদ আলী। কিংবদন্তির মহাপ্রয়াণে শোকে মুহ্যমান গোটা বিশ্ব। পারকিনসন্সে ভুগছিলেন জীবনের শেষ তিনটি দশক। চিকিৎসকরা জানিয়েছেন, সেপটিক শকে মারা গেছেন বক্সিং রিংয়ের বাইরে বিশ্ব-শান্তির দূত হয়ে ওঠা মোহাম্মদ আলী। তার পরিবার মনে করছে, আলী গোটা বিশ্বের নাগরিক। সবাই তার চলে যাওয়ায় কাতর। সবাইকে তাই শেষ বিদায় জানানোর সুযোগ দিতে চান তারা। বৃহস্পতিবার পারিবারিকভাবে করা হচ্ছে শেষ অনুষ্ঠান। আজ (শুক্রবার) স্মরণসভা হবে। মিছিল করে আলীকে শেষ শয্যায় শুইয়ে দেয়া হবে মাটির কবরে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ অনেক গুরুত্বপূর্ণ মানুষ উপস্থিত থাকবেন আলীকে শেষ বিদায় জানাতে। তবে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা থাকবেন না ব্যক্তিগত কারণে।
আলী মুসলিম। একজন ইমাম তার জানাজা পড়াবেন। কিন্তু শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সব ধর্ম, বর্ণের মানুষ। আলীর পারিবারিক মুখপাত্র বব গানেল জানিয়েছেন, 'মোহাম্মদ আলী মানুষের চ্যাম্পিয়ন ছিলেন। তার শেষ বিদায়ে থাকবেন সব শ্রেণি, গোত্র, ধর্মের মানুষ।' মানবতার দূত সেই মোহাম্মদ আলীকে আজ শুইয়ে দেয়া হবে অন্তিম শয়ানে। তবে এই কিংবদন্তির কীর্তিগাথা থেকে যাবে অম্লান, যুগের পর যুগ তিনি অমর হয়ে থাকবে ভক্তদের হৃদয়ে।#