আবনা ডেস্ক: অবশেষে নিখোঁজদের তালিকা হালনাগাদ করে মাত্র ৬৮ জনের তথ্য দিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে র্যাব। এর আগে ২৬১ জনের একটি তালিকা র্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল।
সোমবার রাত সোয়া ৮টার দিকে বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূইয়া।
গত ২০ জুলাই সারা দেশে নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করে র্যাব। কিন্তু এর পরদিন থেকে বাংলামেইলসহ বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে তালিকার অনেকেই নিখোঁজ নন। তারা নিজ বাড়ি অথবা কারাগারে আছেন। এমনকি একজন বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর সোমবার ভোরে নববধূ নিয়ে বাড়ি ফিরেছেন!
এভাবে ‘যাচ্ছেতাই’ তালিকা প্রকাশ করায় ব্যাপক সমালোচনারও সৃষ্টি হয়। একদিকে পুলিশ যখন স্বেচ্ছা নিখোঁজদের তালিকা প্রণয়ন করছে তখন র্যাব কোনো যাচাই বাছাই না করেই এমন একটি তালিকা প্রকাশ করায় প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগও তুলেছেন অনেকে।