২ আগস্ট ২০১৬ - ০০:১৫
সহিংসতাকে ইসলামের সাথে জড়ানো ভুল : পোপ ফ্রান্সিস

বিশ্বের ক্যাথোলিক খ্রিষ্টানদের নেতা বলেছেন, ফ্রান্সে যাজক হত্যাসহ অন্যান্য হামলার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, বিশ্ব যুদ্ধে জর্জরিত। কিন্তু এ যুদ্ধের উৎস ধর্ম নয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বিশ্বের ক্যাথোলিক খ্রিষ্টানদের নেতা, ‘সহিংসতা ইসলামের সাথে জড়িত’ বলে মনে করাকে ভুল অভিহিত করে বলেন, অন্যায় ও অর্থের পূজাই হচ্ছে সন্ত্রাসবাদের অন্যতম মৌলিক কারণ।

রয়টার্স জানিয়েছে, পোপ ফ্রান্সিস পোল্যান্ড ত্যাগ করে রোমে ফিরে আসার সময় বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন: আমার দৃষ্টিতে, ইসলাম ধর্মকে সহিংসতার সাথে জড়ানো ঠিক নয়। এটা সঠিক নয় এবং সত্য নয়।

ফ্রান্সের পশ্চিমাঞ্চলে ছুরিকাঘাতে ৮৫ বছরের এক ক্যাথোলিক ধর্মযাজক হত্যা এবং দায়েশ কর্তৃক এর দায় স্বীকারের বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন: প্রতিটি মাযহাবে একটি ক্ষুদ্র অংশ রয়েছে যারা কট্টরপন্থী। আমাদের (ক্যাথোলিক) মাঝেও এমন একটি অংশ রয়েছে।

বিশ্বের ক্যাথোলিক খ্রিষ্টানদের নেতা বলেন: আমি ইসলামি সহিংসতার বিষয়ে কথা বলতে চাই না। কারণ প্রতিদিন আমি যখন পত্রিকা পড়ি তখন ইতালিতে বিভিন্ন সহিংসতার খবর দেখি। কেউ তার বান্ধবীকে খুন করছে, কেউ তার শাশুড়ীকে হত্যা করছে। যারা এসব করছে তারা ক্যাথোলিক খ্রিষ্টান।

পোপ ফ্রান্সিস বলেন: যদি আমি ইসলামি সহিংসতার বিষয়ে কথা বলতে চাই তবে আমাকে ক্যাথোলিক সহিংসতার বিষয়েও কথা বলতে হবে। সকল মুসলমান সহিংস নয়।

সন্ত্রাসবাদের বিভিন্ন কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন: আমি জানি যে, এটা বলা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু সন্ত্রাসবাদ তখনই বৃদ্ধি পায় যখন আর কোন বিকল্প  থাকে না। যখন অর্থ-সম্পদই হয়ে ওঠে ইশ্বর এবং মানুষের পরিবর্তে বিশ্বে অর্থনীতি হয়ে উঠে কেন্দ্র। এটাই হচ্ছে সন্ত্রাসবাদের প্রথম রূপ। এটা হলো সব ধরনের মানবতার বিরুদ্ধে মৌলিক সন্ত্রাসবাদ। আসুন আমরা সে বিষয় নিয়ে আলোচনা করি।

প্রসঙ্গত, বিশ্বের ক্যাথোলিকদের শীর্ষ নেতা তার ৫ দিনের পোল্যান্ড সফর গত বুধবার (২৯ জুলাই ২০১৬) শুরু করেন। তিনি বলেন: ‘ফ্রান্সে যাজক হত্যাসহ অন্যান্য হামলা এটাই প্রমাণ করে যে, বিশ্ব যুদ্ধে জর্জরিত। কিন্তু এ যুদ্ধের উৎস ধর্ম নয়।

তার ভাষ্যমতে, পশ্চিমা যুবকদের সামনে অর্থনৈতিক সুযোগ না থাকাটা সন্ত্রাসবাদ সৃষ্টি অন্যতম কারণ।#