২ আগস্ট ২০১৬ - ০১:০৪
ভয়াল রূপ নিচ্ছে বন্যা

চীন, ভারত ও নেপাল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশে ৩৩ শতাংশ এলাকা ডুবে গেছে।

আবনা ডেস্ক: চীন, ভারত ও নেপাল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশে ৩৩ শতাংশ এলাকা ডুবে গেছে। এসব এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তর ও উত্তর মধ্যাঞ্চলের ১৯ জেলায় বন্যা ভয়াল রূপ নিচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় পদ্মা নদীসংলগ্ন রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া ঢাকার চারপাশের নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে রাজধানীতেও বন্যার ঝুঁকি বাড়ছে।
এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ। এর মধ্যে রোগাক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২ জন, মারা গেছেন ৪৫ জন। বন্যার্তদের সহায়তায় ১৩ হাজার টন চাল, নগদ সাড়ে পাঁচ কোটি টাকা ছাড় করেছে সরকার। এর বাইরে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ৮ হাজার প্যাকেট শুকনো খাবার ও পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাঠানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।