৩ আগস্ট ২০১৬ - ০১:০৩
অনশনের ৮০তম দিন; হাসপাতালে আল্লামা জাফারি

গত ৩ দিন ধরে উচ্চ রক্তচাপ ও কিডনী সংক্রান্ত ব্যাথায় ভুগতে থাকা পাকিস্তানের মজলিস-এ ওয়াহদাত-এ মুসলিমীনে’র প্রধানের শারীরীক অবস্থার অবনতি ঘটার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: পাকিস্তানের মজলিস-এ ওয়াহদাত-এ মুসলিমীনে’র (এমডব্লিউএম) প্রধান ‘আল্লামা রাজা নাসের আব্বাস জাফারি’ দীর্ঘ ৮০ দিন যাবত অনশন কর্মসূচী পালন করছেন। গত ৩ দিন ধরে অসুস্থ থাকার কারণে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি উচ্চ রক্তচাপ ও কিডনী সংক্রান্ত ব্যাথায় ভুগছিলেন।

আল্লামা জাফারি’র ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, অনশনের শুরু থেকে এ পর্যন্ত তার শরীরের ৩৪ কেজি ওজন কমে গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

আল্লামা জাফারি গত ১৩ মে ২০১৬ থেকে পাকিস্তানের নিরীহ শিয়া হত্যার প্রতিবাদে ইসলামাবাদে এ অনশন শুরু করেন। বিগত ২ মাসে অনেক শিয়া এমনকি সুন্নি ব্যক্তিত্বও অনশনস্থলে উপস্থিত হয়ে তার প্রতি একাত্মতা ঘোষণা পূর্বক পাকিস্তানি শিয়াদের দাবী অনতি বিলম্বে পূরণের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

কিছুদিন আগে আল্লামা রাজা নাসের আব্বাস জাফারি, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাসান আখতারি’র সাথে ফোনালাপে পাকিস্তানি শিয়াদের জান ও মালের উপর প্রতিনিয়ত হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন: এ সকল হামলার বিপরীতে সরকার তেমন কোন পদক্ষেপ নেয়নি। আমাদের ন্যায্য দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমরা এ অনশন অব্যাহত রাখবো।

পাকিস্তানে শিয়া হত্যা বন্ধ, শিয়া হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পাঞ্জাব প্রদেশের শিয়াদের আযাদারীর উপর থেকে সীমাবদ্ধতা প্রত্যাহার, তাকফিরি গ্রুপসমূহের তৎপরতার উপর নিষেধাজ্ঞা আরোপ, পারাচিনার এলাকায় সেনাবাহিনী কর্তৃক শিয়া হত্যার বিষয়ে তদন্ত কমিটি গঠন, সরকার কর্তৃক গিলগিতের শিয়াদের ভূমি দখল বন্ধ ও জবর দখলকৃত সকল জমি ফেরত দান ইত্যাদি দাবী নিয়ে অনশন করছেন মজলিস-এ ওয়াহদাত-এ মুসলিমীন ও অন্যান্য দলের সদস্যরা।#