আবনা ডেস্ক: থাইল্যান্ডে সিরিজ বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির দক্ষিণাঞ্চলীয় পাঁচটি প্রদেশে গত বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দফায় দফায় ১১টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে বেশ কয়েকটি স্থানে জোড়া বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সব কটি হামলার ঘটনাই ঘটেছে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন ও অবকাশযাপন শহরগুলোয়। এর মধ্যে হুয়া হিন শহরে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দুই দফায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখানে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে বিদেশিরাও রয়েছেন। সুরাত থানি শহরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখানে নিহত হয়েছেন একজন। আর ট্রাং-এ একটি বিস্ফোরণে মারা গেছেন একজন। এ ছাড়া ফুকেট দ্বীপের পাতং বিচ ও ফাং এনজিএ প্রদেশের বিচেও গতকাল শুক্রবার বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ব্যাংককে গতকাল দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র পিয়াপান পিংমুয়াং বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণাঞ্চলীয় পাঁচটি প্রদেশে যে বোমা হামলার ঘটনা ঘটেছে, তা স্থানীয় সন্ত্রাসীদের কাজ। যদিও কোন সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে, তা পরিষ্কার নয়। কেউ এখন পর্যন্ত দায়ও স্বীকার করে নেয়নি। বেশ কয়েকটি হামলায় ‘আগুনে বোমা’ ব্যবহার করা হয়েছে।