আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বাহরাইনের দুরাজ অঞ্চলে হামলাকারী স্বৈরাচারী আলে খলিফার সৈন্যরা, আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের বাড়ির চারপাশে অনশনরত জনতার তীব্র প্রতিরোধের মুখে পড়ে ঐ অঞ্চল ত্যাগে বাধ্য হয়েছে।
গতকাল (শনিবার, ২০ আগস্ট) বাহরাইনের শীর্ষস্থানীয় আলেম শেইখ ঈসা কাসেমের বাড়ির নিকটবর্তী আল-ফিদা চত্বরে নিরাপত্তা জোরদার করে স্বৈরাচারী আলে খলিফা সরকার।
এ প্রতিবেদনের ভিত্তিতে, আলে খলিফার সরকারের সৈন্যরা সাঁজোয়া যান নিয়ে দুরাজ এলাকায় প্রবেশ করে শেইখ ঈসা কাসেমের বাড়ির নিকটবর্তী আল-ফিদা স্কয়ারে অবস্থান নেয়। বাহরাইনি বিপ্লবীদের উপর হামলা চালিয়ে তাদেরকে বিক্ষিপ্ত করা এবং তাদেরকে ঐ স্থান থেকে বের করে দেয়ার পরিকল্পনা ছিল সৈন্যদের।
এদিকে, সরকার বিরোধীদেরকে দমন করতে সম্প্রতি স্বৈরাচারী আলে খলিফা সরকার শেইখ ঈসা কাসেমের বিরুদ্ধে সন্ত্রাসীদেরকে সহযোগিতার বানোয়াট ও উদ্ভট অভিযোগ তুলেছে।
এর আগে বাহরাইনের স্বৈরশাসক আলে খলিফা গত ২০ জুন শেইখ ঈসা কাসেমের নাগরিকত্ব কেড়ে নেয়। ঐ সময় থেকে বাহরাইনের এ শীর্ষস্থানীয় আলেমের বাড়ীর সামনে অনশন কর্মসূচী পালন করছে জনতা।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে স্বৈরাচারী আলে খলিফার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে বাহরাইনের জনগণ। এ নাগাদ আলে খলিফার ভাড়াটে সৈন্যদের হামলায় বহু শিয়া মুসলিম শহীদ হয়েছেন। স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, বৈষমতা প্রত্যাহার এবং নির্বাচিত সরকার গঠনের দাবীতে এ আন্দোলন করছে দেশটির বেশিরভাগ জনগণ।#