আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: রেডিও শুনে পবিত্র কুরআন মুখস্ত করার দৃষ্টান্ত স্থাপন করেছে মিয়ানমারের ৫ বছরের দৃষ্টিশক্তিহীন এক শিশু। শিশুটির নাম ‘হুসাইন হামদ তাহের’।
হুসাইনের পিতা অবসর সময় কাটানোর জন্য তাকে একটি রেডিও কিনে দেন এবং যে চ্যানেল থেকে ২৪ ঘন্টা কুরআন তেলাওয়াত হয় ঐ চ্যানেলেই ফিক্স করে দেন রেডিওটি।
হুসাইনের বাবা ‘মুহাম্মাদ তাহের’ এ সম্পর্কে জানিয়েছেন: আমি কখনই ভাবিনি, আমার ছেলে কুরআন তেলাওয়াত শুনে এভাবে হেফজ করতে পারবে।
মুহাম্মাদ তাহের ৩ বছর পর্যন্ত এ বিষয়টি সম্পর্ক অনাবগত ছিলেন যে, তার ছেলে পবিত্র কুরআনের অনেক অংশ হেফজ করে ফেলেছে। জেদ্দা থেকে মদিনা যাওয়ার পথে বিষয়টি বুঝতে পারেন তিনি। ঐ সফরে হুসাইন তাকে মসজিদে নববি (স.)-তে নিয়ে যাওয়ার অনুরোধ করে। মসজিদুন নববি (স.)-এ যেতে হলে তাকে সূরা বাকারাহ’র কিছু অংশ তেলাওয়াত করে শোনাতে হবে বলে জানান বাবা মুহাম্মাদ তাহের। এ সময় হুসাইন সূরা বাকারাহ পড়া শুরু করে।
মুহাম্মাদ তাহের আরো জানান: আমি এ পর্যন্ত হুসাইনের পূর্ণ হাফেজ হওয়ার বিষয়টি নিশ্চিত হতে তাকে কয়েকজন কুরআন শিক্ষক ও হাফেজের কাছে নিয়ে গেছি। কুরআনের শিক্ষকগণ এবং কুরআনের হাফেজরা তার তেলাওয়াত শুনে তার হেফজের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা হুসাইনকে কিছু ক্লাসে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন, যাতে সে সহি ও শুদ্ধভাবে তেলাওয়াতের পদ্ধতি শিখে নেয়।
হুসাইনের বাবা মুহাম্মাদ তাহেরের সংযোজন: দৃষ্টিশক্তি ছাড়াই জন্ম নেয়া হুসাইন পবিত্র কুরআন হেফজ করে যে কৃতিত্ব দেখিয়েছে তাতে বিগত বছরগুলোতে তার জন্য আমরা যত কষ্ট সহ্য করেছি তা ভুলিয়ে দিয়েছে। আমাদের কষ্টের প্রতিদান আমরা পেয়েছি এবং আমরা আনন্দিত।#