আবনা ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিজরির পুলিশ হেডকোয়ার্টার ভবনের বাইরে বড় ধরনের কার বোমার বিস্ফোরণ হয়েছে।
বিবিসি অনলাইন জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ বিস্ফোরণ হয়। এতে ৮ পুলিশ সদস্য নিহত ও ৪৫ জন আহত হয়েছে।
হাসপাতাল সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় ৮ জন নিহত ও অন্তত ৬৪ জন আহত হয়েছে।
তুরস্কের স্থানীয় সংবাদপত্র হুরিয়াত জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার দেখা গেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বোমা হামলায় একটি বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম আনাদলু এ হামলার জন্য দেশটির নিষিদ্ধঘোষিত পিকেকে দায়ী করেছে।
পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। ১৯৮৪ সাল থেকে সরকারি বাহিসীর সঙ্গে সংঘর্ষে সংগঠনটির ৪০ হাজার সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই কুর্দি।
সরকারি বাহিনী ও পিকেকের মধ্যে চলা দুই বছরের যুদ্ধবিরতি গতবছরের জুলাইয়ে শেষ হয়। সেখানে বিগত কয়েক মাসে কয়েক দফা কারফিউ জারি করেছিল সরকার।
সিজরি তুরস্কের সিরনাক রাজ্যের সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী শহর। এখানে বিপুল সংখ্যক কৃর্দি জনগণের বসবাস।#