আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: দায়েশ সন্ত্রাসীদের আত্মঘাতী বিস্ফোরণ প্রাণ কেড়ে নিল ভিটেমাটি ছাড়া দুই অসহায় ইরাকি শরণার্থীর। দেশের মসুল শহরে একটি শরণার্থী শিবিরে চালানো ঐ আত্মঘাতী হামলায় অপর ২ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।
ইরাকের নেইনাভা রাজ্যের পার্লামেন্ট সদস্য ‘হাসান শাবিব আস-সাবয়াভি’ এ সন্ত্রাসী অভিযান সম্পর্কে বলেন: মসুল শহরের দক্ষিনাঞ্চলে অবস্থিত ‘মাখমুর’ শরণার্থী শিবিরে আত্মঘাতী দুই সন্ত্রাসী প্রবেশ করলে, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের একজনকে বিস্ফোরণের আগে গুলি করে হত্যা করে। অপর আত্মঘাতী শরণার্থীদের মাঝে নিজেকে বিস্ফোরিত করলে ৪ ব্যক্তি হতাহত হয়।
কয়েকদিন আগেও দায়েশ সন্ত্রাসী গোষ্ঠির সদস্যরা ইরাকের সালাহুদ্দীন প্রদেশের বাইজি শহরের উত্তরাঞ্চলে অবস্থিত ‘আল-আসমাদা’ শরণার্থী শিবিরকে লক্ষ্য করে মোর্টার হামলা চালায়। এতে অন্তত ১২ জন ইরাকি নিহত এবং অপর ২০ জন আহত হয়।
প্রসঙ্গত, ইরাকের নেইনাভা প্রদেশের মসুল শহরসহ বেশিরভাগ এলাকা ২ বছর আগ থেকে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। দায়েশ সন্ত্রাসীরা নিজেদের নিয়ন্ত্রণাধীন শহরগুলোতে বিভিন্ন অমানবিক অপরাধকর্মে লিপ্ত হয়েছে।#