আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা সত্ত্বেও বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শান্তির পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে কথা বলা তিনি অব্যাহত রাখবেন। একইসঙ্গে খ্রিস্টধর্মের পবিত্র বাণীকে অশুভ উদ্দেশ্যে ‘অপব্যবহার’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
১০ দিনের আফ্রিকা সফরের শুরুতে আলজেরিয়া যাওয়ার পথে পাপাল ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ এসব কথা বলেন। ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত এই পোপের মন্তব্যটি বার্তাসংস্থা রয়টার্স গুরুত্বের সঙ্গে প্রচার করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কোনো দ্বন্দ্বে জড়াতে চান না উল্লেখ করে পোপ বলেন, আমি কারো সঙ্গে তর্কে লিপ্ত হতে চাই না। তবে আমি বিশ্বাস করি না যে, যেভাবে গসপেল বা সুসমাচারের বাণীকে অপব্যবহার করা হচ্ছে তা সঠিক। আমি যুদ্ধের বিরুদ্ধে উচ্চকণ্ঠে কথা বলা চালিয়ে যাব।
পোপ লিও আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ন্যায়সঙ্গত সমাধান খুঁজতে দেশগুলোর মধ্যে সংলাপ ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন জরুরি।
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাতে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ বলেন, অগণিত নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। আমি মনে করি, এই ধ্বংসযজ্ঞ থামিয়ে আরও ভালো কোনো পথ খোঁজার জন্য কারও না কারও রুখে দাঁড়ানো উচিত।
Your Comment