১৫ জুন ২০২৬ - ১২:২১
শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর শেষ বিদায়ের কর্মসূচি ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল উজমা সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর বিদায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শহীদ এই নেতার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটির ৩ নম্বর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিজ্ঞপ্তি অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনেয়ী এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন, জানাজা ও দাফনের অনুষ্ঠান তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠিত হবে। আগামী ৯ জুলাই (২৪ মহররম) পবিত্র মাশহাদ নগরীতে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে তাঁকে দাফন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—

  • ৪ জুলাই (১৯ মহররম) শনিবার এবং ৫ জুলাই (২০ মহররম) রোববার তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।
  • ৬ জুলাই (২১ মহররম) সোমবার রাজধানী তেহরানে জানাজার নামাজ ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে।
  • ৭ জুলাই (২২ মহররম) মঙ্গলবার পবিত্র কোম নগরীতে জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
  • ৯ জুলাই (২৪ মহররম) বৃহস্পতিবার মাশহাদে জানাজার অনুষ্ঠান শেষে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে মরদেহ দাফন করা হবে।

বিজ্ঞপ্তিতে আয়াতুল্লাহ খামেনেয়ীর পাশাপাশি তাঁর পরিবারের অন্যান্য সদস্য—ড. মিসবাহুল হুদা বাকেরি-কানি, সাইয়্যেদা বুশরা হুসাইনি খামেনেয়ী, জাহরা হাদ্দাদ আদেল এবং জাহরা মোহাম্মাদী গোলপায়েগানি—যাঁরা এই বিয়োগান্তক ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করা হয়।

কেন্দ্রীয় কমিটি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মুজতবা হুসাইনি খামেনেয়ী, ইমাম মাহদি (আ.)-এর পবিত্র দরবার এবং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ইরানের জনগণ, বিশ্বের স্বাধীনচেতা মানুষ, ইসলামের আদর্শে বিশ্বাসী এবং ইরানপ্রেমী সকল ব্যক্তিকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহীদ নেতাকে শেষ বিদায় জানানোর আহ্বান জানানো হয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha