আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং আল-কুদস বিষয়ক দপ্তরের প্রধান হারুন নাসিরুদ্দিন এক বিবৃতিতে বলেন, কালান্দিয়া শরণার্থী শিবিরে টানা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি অভিযানের পরও ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ও পবিত্র স্থান রক্ষার অঙ্গীকার থেকে একচুলও সরে আসবে না।
তিনি বলেন, অধিকৃত আল-কুদস ও পশ্চিম তীরজুড়ে গণগ্রেপ্তার, বাড়িঘর ধ্বংস, আবাসিক ভবনকে সামরিক ঘাঁটিতে রূপান্তর এবং বসতি স্থাপনকারীদের সংগঠিত হামলা—এসবই দখলদার ইসরাইলের ভূখণ্ড দখল সম্প্রসারণ এবং এসব এলাকার জনসংখ্যাগত ও সাংস্কৃতিক চরিত্র পরিবর্তনের পরিকল্পনার অংশ।
হামাসের এ নেতা আরও বলেন, ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অপরাধ যত বাড়বে, ফিলিস্তিনিদের প্রতিরোধ, দৃঢ়তা এবং আল-কুদস ও আল-আকসা মসজিদ রক্ষার সংকল্পও তত শক্তিশালী হবে। তিনি ফিলিস্তিনিদের আরও ঐক্যবদ্ধ হয়ে দখলদার বাহিনীর আগ্রাসনের মোকাবিলা এবং আল-কুদসের বাসিন্দাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ফিলিস্তিনি সূত্রগুলোর মতে, বৃহস্পতিবার ভোর থেকে কালান্দিয়া শরণার্থী শিবির ও কাফর আকাব এলাকার মধ্যবর্তী অঞ্চলকে কার্যত সামরিক এলাকায় পরিণত করেছে ইসরাইলি বাহিনী। প্রবেশপথ বন্ধ করে, বিপুলসংখ্যক সেনা, সাঁজোয়া যান ও স্নাইপার মোতায়েনের পাশাপাশি বাড়িঘর ও জনসেবামূলক স্থাপনায় অভিযান, ধ্বংসযজ্ঞ ও খননকাজ চালিয়ে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা হয়েছে।
Your Comment