রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরাকের রাজধানী বাগদাদে গাড়ী বোমা হামলায় অন্ততঃ ৮ জন নিহত ও ২০ জনেরও বেশী আহত হয়েছে। বিস্ফোরক-ভর্তি গাড়ীটি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৮ টায় দক্ষিণ-পূর্ব বাগদাদে বিস্ফোরিত হয়। আশ শুরতা আর রাবা এলাকায় একটি মদের দোকানের কাছে এই বিস্ফোরণ ঘটে। এদিকে ইরাকের নির্বাচন কমিশন আগামী সোমবার থেকে বাগদাদের ভোট পুনর্গণনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তিন সপ্তাহ বা আরো বেশী সময় ধরে হাতে হাতে এই ভোট পুনর্গণনা চলতে পারে। বাগদাদের ফলাফল ইরাকী সংসদের ৭০ টি আসনের ভাগ্য বদলে দিতে পারে। ইরাকের সাম্প্রতিক সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এবং ভোট পুনর্গণনার জন্য কয়েকটি প্রধান দলের দাবীর পরিপ্রেক্ষিতে দেশটির আদালত বাগাদাদের ভোট পুনরায় গণনার নির্দেশ দিয়েছে।