আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির মাঝখানে অবস্থিত ময়উন দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা।
দ্বীপটি পেরিম নামেও পরিচিত। হুতিদের এই অগ্রগতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ব্যাপক প্রভাব পড়েছে। এর ফলে বৈশ্বিক নৌবাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে উঠে গেছে।
এক সরকারি কর্মকর্তা জানান, ময়উন দ্বীপ থেকে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী প্রত্যাহারের পর হুতিদের সশস্ত্র যোদ্ধাদের বহনকারী কয়েকটি নৌকা সেখানে পৌঁছায়। এরপর দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় তারা। কৌশলগত অবস্থানের কারণে ময়উন দ্বীপটি বাব আল-মানদেব প্রণালির নৌ চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ময়উন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হুতিরা বাব আল-মানদেব এলাকার ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে।
এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, সশস্ত্র হুতি যোদ্ধারা বাব আল-মানদেবের উপকূলীয় এলাকায় অবস্থান নিয়েছেন। তাদের সামরিক যানবাহন নিয়ে এলাকায় টহল দিতেও দেখা গেছে।এর আগে গত সপ্তাহে ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে ইরান-সমর্থিত হুতিরা।
বাব আল-মানদেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ দিয়ে লোহিত সাগর হয়ে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে জাহাজ চলাচল করে। সম্প্রতি আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের কারণে নৌপথটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে বাব আল-মানদেবের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে। ফলে ময়উন দ্বীপের নিয়ন্ত্রণ হুতিদের হাতে যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্যিক ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Your Comment