সৌদি আরবের একজন প্রখ্যাত আলেম, নজির বিহীন এক ফতোয়া দানের মাধ্যমে আল কায়েদার সাথে সকল প্রকার সহযোগিতাকে হারাম ঘোষণা করেছেন।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের আইন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ আলেম শেইখ আব্দুল মোহসেন আবিকান এক নজীর বিহীন পদক্ষেপের মাধ্যমে উক্ত বিষয়ের উপর গুরুত্বারোপ করে বলেছেন যে, যে সকল মুসলমান যুদ্ধ, বিগ্রহ ও বিশৃংখলা সৃষ্টিকারী দলের সাথে সম্পৃক্ত হয়ে সন্ত্রাসী হামলাসমূহে সহযোগিতা করে তারা ইসলাম হতে বিভ্রান্ত এবং আল কায়েদা সন্ত্রাসী দলের সাথে সকল প্রকার সহযোগিতাই হারাম।
তিনি আরো বলেন: ইসলাম ধর্মে অপর মুসলমানের রক্তপাতের উপর কঠিনভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর তাই কাউকে কোন অবস্থাতেই এ সকল জঘন্য কাজের জন্য বৈধতা দেয়া হয়নি।
তিনি আল কায়েদা সন্ত্রাসী দলকে একটি তাকফিরী (অন্যকে কাফের ফতোয়া দানকারী) দল হিসেবে আখ্যায়িত করেন বলেন: তারা কাফের ফতোয়া দানের মাধ্যমে অপর মুসলমানের রক্ত ঝরানোকে বৈধ করার অপচেষ্টা চালাচ্ছে।
বিদ্রোহীদের সংশোধনের জন্য তওবাহ’র গুরুত্বের কথা উল্লেখ করে জনাব আবিকান ইয়েমেনের সকল আল কায়েদা সদস্যকে তওবা করে আত্মসমর্পনের প্রতি আহ্বান জানিয়েছেন।#