৮ নভেম্বর ২০২৬ - ২০:২৮
মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা হবেই

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন সামরিক ঘাঁটির বিষয়ে ইরান কোনো ধরনের আপস করবে না। সংঘাত শুরু হলে এসব ঘাঁটিতে অবশ্যই হামলা চালানো হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আলজাজিরা টেলিভিশনকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, “আমরা কখনোই এ অঞ্চলে আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর স্থাপনায় হামলা করার পরিকল্পনা করিনি, এখনো করি না।

তবে মার্কিন ঘাঁটির ক্ষেত্রে কোনো ছাড় নেই। সংঘাত সৃষ্টি হলে অবশ্যই সেসব ঘাঁটিতে হামলা চালানো হবে। একইভাবে ‌আমেরিকার অন্যান্য স্থাপনাতেও হামলা হবে। এ অঞ্চলে এমন কিছু স্থাপনা রয়েছে, যেগুলো সরাসরি সামরিক ঘাঁটির মধ্যে না হলেও সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণাধীন এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন।”

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে সামরিক হামলা চালালে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো, ইরাকের কিছু অংশ এবং জর্ডানও কি ইরানের পাল্টা হামলার আশঙ্কা করবে—এমন প্রশ্নের জবাবে আরাকচি এসব কথা বলেন।

গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে বাহরাইন এর বাইরে ছিল। এ ছাড়া জর্ডান ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার আলোচনা হয়।

এ বিষয়ে আলজাজিরাকে আরাকচি বলেন, “আমরা এ অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে নিজেদের রক্ষা করি। দুর্ভাগ্যজনকভাবে এসব ঘাঁটি ব্যবহার করেই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এমনকি কিছু দেশ তাদের নিজেদের সামরিক ঘাঁটিও মার্কিনিদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে।”

এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি গত রাতে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে সর্বশেষ বক্তব্যে বলেছেন, “আপনারা যদি যুদ্ধ শুরু করেন, তাহলে ধ্বংসাত্মক জবাবের মুখোমুখি হতে হবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha