১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

৩রা রজব ইমাম আলী নাকী (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ১০ লক্ষাধিক যিয়ারত কারী সামেরায় আগমন করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরাকের সালাহুদ্দীন প্রদেশের ‘আদ দাজিল’, ‘বালাদ’ ও ‘সামেরা’ শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে আহলে বাইত (আ.) এর লক্ষ লক্ষ ভক্ত নিরাপদে শিয়াদের দশম ইমাম হযরত আলী নাকী (আ.) এর শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে শরিক হতে পারে। ইরাকের বিভিন্ন শহর ও বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত লক্ষ লক্ষ যিয়ারতকারী ইমাম আলী নাকী (আ.) ও তার পুত্র ইমাম হাসান আসকারী (আ.) এর মাজার যিয়ারত করার উদ্দেশ্যে সামেরায় অবস্থান করছেন। সালাহুদ্দীন প্রদেশের এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, গত ৩ দিনে আহলে বাইত (আ.) এর শোকে শোকাহত বিভিন্ন দল এ দুই মহান ইমাম (আ.) এর মাযারে শোক অনুষ্ঠান পালন করেছে। তার বর্ণনানুযায়ী যিয়ারতকারীদের সংখ্যা ছিল ১০ লক্ষাধিক। উল্লেখ্য যে, শিয়াদের দশম ইমাম হযরত আলী নাকী (আ.) ২৫৪ হিজরীর ৩রা রজব শাহাদত বরণ করেন।#